মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ- স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ বলেছেন, শুধু জুলাইয়ের অর্জনের সুবিধা ভোগ করলেই হবে না, এর আদর্শ ও চেতনাও ধারণ করতে হবে। তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি জুলাই আন্দোলনের সুফল ভোগ করলেও এর মূল লক্ষ্য বাস্তবায়নে আন্তরিক ভূমিকা পালন করেনি।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তাস্থ ঈদগাহ ময়দানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর আয়োজিত সমাবেশ ও গণমিছিলে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের ঐতিহাসিক অর্জনের পরও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, যুগে যুগে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী জনগণের আন্দোলনের অর্জন নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটলেও জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠেনি এবং নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজনৈতিকভাবে বঞ্চিত করার অভিযোগও তোলেন তারা।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা, আলেম-উলামা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছিল। আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা শহীদ আবু সাঈদ, তাহমিদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মুফতী হুসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর সহ-সভাপতি ও দলের মেয়র প্রার্থী শইখুল হাদীস আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, নগর নেতা এইচ এম সাইদুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন হাওলাদার, যুব আন্দোলনের সভাপতি মুফতী ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম চৌধুরী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে চান্দনা চৌরাস্তা থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি ঢাকা রোড, বাইপাস ও ময়মনসিংহ রোড প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।