আরিফুল ইসলাম জয়- কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে টিআর/কাবিখা প্রকল্পের একটি রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত সাংবাদিক বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ২ জুলাই ২০২৬ রাত প্রায় ৮টার দিকে বেরুবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিরারভিটা এলাকায় টিআর/কাবিখা প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ঢালাই রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হয়।
প্রকাশিত সংবাদে অভিযোগ করা হয়, প্রকল্পের নথি অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য ৪০০ ফুট এবং প্রস্থ ১০ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে রাস্তার প্রস্থ প্রায় ৮ ফুট পাওয়া গেছে। পাশাপাশি ঢালাই কাজে নিম্নমানের ৩ নম্বর ইটের খোয়া ব্যবহারের অভিযোগও উঠে আসে।
ভুক্তভোগী সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের প্রায় দুই ঘণ্টা পর, রাত আনুমানিক ১০টার দিকে বেরুবাড়ী বাজার এলাকায় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল আলম ও তার ভাই আতাউর রহমান তার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
রিয়াজুল ইসলাম রুহী দৈনিক সরেজমিন-এর নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি এবং "আপডেট নিউজ নাগেশ্বরী" ফেসবুক পেজের অ্যাডমিন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট অনুসন্ধানী ভিডিও সংবাদটি ওই ফেসবুক পেজ থেকেই প্রকাশ করা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তার কাছে থাকা প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্টফোন, নগদ অর্থ এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।